স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল দল ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকাকে সামনে রেখে সোমবার প্রস্তুতি শুরু করেছে। গতকাল দলটির সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা জিতেছেলেও ১৯৯৩ সালের পর আর কোনো শিরোপাই জিততে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ দুইবারের আসরে শিরোপা বন্ধ্যত্ব ঘোঁচানোর খুব কাছে চলে গিয়েছিলো তারা। তবে দুইবারই ফাইনালে চিলির কাছে হেরে স্বপ্নভঙ হয় আর্জেন্টিনার।
এবার ব্রাজিলে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে দলটি। ইউরোপীয় ফুটবলের মৌসুম শেষ হয়ে যাওয়ার পর সোমবার কোপা আমেরিকার প্রস্তুতির লক্ষ্যে ক্যাম্প শুরু করেন কোচ লিওনেল স্ক্যালোনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের দুই খেলোয়াড় সার্জিও আগুয়েরো ও রবার্তো ম্যাক্সিমিলানো পেরেইরা সবার আগেই যোগ দিয়েছেন ক্যাম্পে। গতকাল বার্সেলোনা অধিনায়ক মেসি আর্জেন্টিনায় পৌঁছেছেন। আক্রমণভাগের আরেক খেলোয়াড় পাওলো দিবালারও গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে টটেনহ্যাম ডিফেন্ডার হুয়ান ফইথ আর্জেন্টিনা দলে যোগ দেবেন সবার পরে।
দলের সব খেলোয়াড়কে না পেলেও কোচ লিওনেল স্ক্যালোনি সোমবার থেকেই অনুশীলন শুরু করেছেন। কোপা আমেরিকার বি গ্রুপে আর্জেন্টিনা গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারকে। ১৬ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে আর্জেন্টিনা।
