স্পোর্টস ডেস্ক
এই শনিবারেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। যদিও, ম্যাচে দলের হয়ে কোন দু’জন ওপেনিং করবেন? — এই প্রশ্নের কোনো সুরাহা করতে পারেনি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। আসলে লড়াইটা জমিয়ে দিয়েছেন উসমান খাজা।
সর্বশেষ অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি ম্যাচে ৮৯ রান করেছেন তিনি। শেষ ১০টি ওয়ানডে ইনিংসে তাঁর রান ৬৫৫। গড় ৪৪.২১।
ওপেনিংয়ে একটা জায়গা চূড়ান্ত। তিনি হলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এর অর্থ হলো ডেভিড ওয়ার্নার ও খাজার মধ্য থেকে একজনকেই বেছে নিতে হবে জাস্টিন ল্যাঙ্গারকে। খাজা বলেন, ‘আমি ওপেনিংয়ের বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি নিজের পুরো ওয়ানডে ক্যারিয়ারে এই জায়গাটাতেই ব্যাট করেছি। যদিও, দলে নিজের জায়গাটা ধরে রাখা নয়, সুযোগ পেলে দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করাই আমার লক্ষ্য।’
ষষ্ঠ শিরোপার মিশনে মাঠে নামার আগে আশাবাদী অস্ট্রেলিয়া। খাজা বলেন, ‘জয় হলো একটা অভ্যাসের ব্যাপার। আমরা সেই অভ্যাসটা ফিরে পেয়েছি। এখন এটা ধরে রাখতে হবে। এই ধারাবাহিকতা নিয়েই আমরা বিশ্বকাপটা শেষ করতে চাই।’
