ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৯

ব্রাজিলের মানাউস শহরের চারটি কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। নিয়মিত পরিদর্শন কর্মসূচি চালাতে গিয়ে মৃতদেগুলোর সন্ধান পায় কারাগারের কর্মীরা। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার একদিন পরই নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেল। সহিংসতা মোকাবিলায় শহরে একটি কেন্দ্রীয় টাস্কফোর্স দল পাঠানো হয়েছে।

অ্যামাজোনাস রাজ্যের কারা বিভাগের এক বিবৃতিতে সোমবার ৪২ কারাবন্দির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, কর্তৃপক্ষ চারটি কারাগারের পুনঃনিয়ন্ত্রণ নিয়েছে। মৃতদের অধিকাংশকে মানাউসের নিকটবর্তী আন্তোনিও ত্রিনদাজি ইনস্টিটিউট কারাগারে পাওয়া গেছে। পাশাপাশি আমাজোনাস রাজ্যের পুরাকুয়েকুয়ারা ও প্রভিশনাল ডিটেনশন সেন্টার কারাগার দুটিতেও কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগে রবিবার নিহত ১৫ কারাবন্দির ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

‘বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে’ কারাগারগুলোতে টাস্ক ফোর্স পাঠানো হয়েছে বলে ব্রাজিলের কারা কর্মকর্তারা জানিয়েছেন। কারাগারে দাঙ্গার ঘটনায় বেশ কয়েকজন কয়েদি জখম হয়েছেন। পরিস্থিতিকে ‘সংকট’ বলে বর্ণনা করেছেন স্থানীয় গভর্নর উয়িসন লিমা। তিনি জানান, রবিবার শুরু হওয়া তদন্তের আওতা বৃদ্ধি করে শেষ ঘটনাগুলোও তাতে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে ২০১৭ সালে ব্রাজিলের এই কারাগারটিতে বিদ্রোহের ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল। ব্রাজিলের বেশিরভাগ কারাগারই রাজ্য প্রশাসনের আওতায় পরিচালিত হয়। তবে দশকের পর দশক ধরে কারাগারগুলো খুবই জনাকীর্ণ হয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্রাজিলের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো আরো কারাগার নির্মাণের পাশাপাশি দেশটির সেগুলো পুনঃনিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।