কাঞ্চন পৌরসভার নির্বাচন কাল

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩২
১৩ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনী প্রচারণা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। দীর্ঘ ১১ বছর পর আগামীকাল শনিবার পৌরসভার ১৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ মুর্হুতের প্রচারণায় তিনজন মেয়রপ্রার্থী ও ৫১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী গতকাল বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটান। প্রার্থীর পরিবারসহ আত্মীয়-স্বজনেরাও ভোট প্রার্থনায় মাঠে নামেন। তবে পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে বিএনপি প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের একমাত্র প্রার্থী যুবলীগ নেতা রফিকুল ইসলামের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকরা নির্বাচনী প্রচারণায় মেতে উঠে। উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মো. মজিবুর রহমান ভুঁইয়া দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালালেও পৌরবাসীর অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায়ের কারণে তিনি পড়েছেন কিছুটা বেকায়দায়। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল বাশার বাদশা প্রচারণায় কিছুটা এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।