কোচদের পদত্যাগের হিড়িক

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:১১
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদপড়া দলগুলোতে এখন চলছে কোচদের পদত্যাগের হিড়িক। দীর্ঘ হচ্ছে এ তালিকা। ইতালির কোচ সিজার প্রানদেল্লি, ইরানের কোচ কার্লোস কুইরোজ, হন্ডুরাস কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজ, জাপানের কোচ আলবার্তো জাচ্ছেরোনি এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ভাগ্য ঝুলে আছে ইরানের কোচ রয় হজসন এবং স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের। উরুগুয়ের কাছে মঙ্গলবার ‘ডি’ গ্রুপে বাঁচা-মরার লড়াইয়ে ১-০ গোলের হারে বিদায় নিশ্চিত হয়ে যায় চারবারের চ্যাম্পিয়ন ইতালির। ওই দিনই ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ ছেড়ে দেয়ার ঘোষণা দেন প্রানদেল্লি, ‘আমি ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আমার পদত্যাগের কথা জানিয়ে দিয়েছি। আমাদের কৌশল কাজে আসেনি। দলের ভরাডুবির সমস্ত দায়-দায়িত্ব আমিই নিচ্ছি।’ গত বিশ্বকাপের পর মার্সেলো লিপ্পির স্থলাভিষিক্ত হওয়া রোমা এবং ফিওরেন্তিনার সাবেক এই কোচের অধীনে ইউরো ২০১২ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয় ইতালি। ইউরো ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে হারলেও সুনাম কুড়ান প্রানদেল্লি। এবারের বিশ্বকাপে অন্ততপক্ষে নক-আউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে ব্রাজিলে আসা জাপানের সাথেই কপাল পোড়ে কোচ আলবার্তোর। ‘সি’ গ্রুপে সর্বনিম্নে থেকেই দেশে ফিরে আসতে হচ্ছে সামুরাই ব্লুজদের। মঙ্গলবার কলম্বিয়ার কাছে ৪-১ গোলে হারের পর দিনই পদত্যাগের ঘোষণা দেন ৬১ বছর বয়সী এই ইতালিয়ান। এমনিতেও জাপানের সঙ্গে চার বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে তার। তার কোচিংয়ে বেশ কিছু সাফল্য আছে জাপানীদের। এর মধ্যে ২০১১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন হওয়া অন্যতম। বিদায়ের প্রাক্কালে ্বিশ্বকাপে দলের হতাশাব্যঞ্জক খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিই আমি দলকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। দ্বিতীয় রাউন্ডে উতরাতে চেয়েছিলাম। এমন অবস্থায় আমি হতাশ। দলের সমস্ত ব্যর্থতা আমার কাঁধেই নিচ্ছি।’ এদিকে, ‘ই’ গ্রুপের হয়ে বিশ্বকাপ মিশনটা মোটেও ভাল করতে পারেনি মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। গ্রুপপর্বের তিন ম্যাচেই হেরে তাদের দেশে ফিরে আসতে হচ্ছে। এমন অবস্থায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ৫৫ বছর বয়সী কলম্বিয়ান ফার্নান্দো সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি মনে করি হন্ডুরাস দলে এখন পরিবর্তন দরকার। বিশ্বকাপে আমরা যা করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। আমি মনে করি ভবিষ্যতে দল ভাল কিছু করবে। আমার জায়গায় নতুন কেউ আসবে। যিনি, দলকে ভিন্ন কিছু দেবেন। দলের মিশন শেষ করতে না পেরে আমি দুঃখিত। তবে আমি সবসময় হন্ডুরাসের সঙ্গে যোগাযোগ রাখবো। সবসময় তাদের সাহায্য করতে চেষ্টা করবো।’ এশিয়ার আরেক প্রতিনিধি ইরানের বিশ্বকাপ বিদায় নিশ্চিত হয়ে যায় গত বুধবার রাতে বসনিয়া-হার্জেগোভিনার কাছে ৩-১ গোলে হারের পরই। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান কোচ কার্লোস কুইরোজ। ইরান দলের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদও শেষ হয়ে এসেছে এই পর্তুগিজ কোচের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি এই কর্মসূচীতে আমি আমার দায়বদ্ধতা দেখিয়েছি। যদিও এখনো আমি নতুন চুক্তির প্রস্তাব এখনো পাইনি। ইরানের হয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। এই দেশটির প্রেমে পড়ে গেছি আমি। তবে এক পক্ষ রাজি থাকলেই তো আর বিয়ে হয় না। তাদের কাছ থেকে প্রস্তাবের জন্য অপেক্ষা করেছি আমি। কিন্তু কোনো প্রস্তাব পাইনি। তাই আজ বলার সময় এসেছে, ধন্যবাদ তাদের যারা আমাকে ইরানে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আমার খেলোয়াড় এবং ভক্তরা সবসময় আমার হূদয়ে থাকবে।’ এর আগে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ায় আইভরি কোস্টের কোচের পদ থেকে বিদায় নিয়েছেন সাবরি ল্যামোচি।