টঙ্গীবাড়ীতে এসআইসহ আহত ১৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামের রাস্তায় গেট নির্মাণকে কেন্দ্র করে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে টঙ্গীবাড়ী থানার এসআই কামাল হোসেনসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এ সময় আশিক মোল্লা এবং সিরাজ হোসেন নামে ২ জন টেঁঁটাবিদ্ধ হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাইফুল চোকদার নামে একজনকে গ্রেফতার করেছে।
টঙ্গীবাড়ী থানার এসআই আহত কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্রাজিল সমর্থকগোষ্ঠী ১৫ দিন আগে গনাইসার রাস্তার উপরে ব্রাজিলের পতাকা দিয়ে একটি গেট তৈরি করলে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী তার সামনে আরেকটি গেট নির্মাণ করার উদ্যোগ নেয়। এ নিয়ে এই দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিলো।
বুধবার রাতে এনিয়ে দুটি গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আর্জেটিনা সমর্থকগোষ্ঠীর আশিক মোল্লা, সিরাজ হোসেন, মিলন, বিপ্লব চোকদার, ব্রাজিল সমর্থকগোষ্ঠীর নিছার, ইতি বেগম, বিপ্লবসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আশিক মোল্লার মা আয়েশা বেগম বুধবার রাতে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
