মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ওই বাসের অন্তত ৩০ জন যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম সেতারা আক্তার (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল পথচারী সেতারা আক্তার। এ সময় চট্টগ্রাম-ফেনী রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে পাশ কাটাতে গিয়ে মহাসড়কের উপরেই উল্টে যায়। শেষ পর্যন্ত গাড়ি চাপায় মারা যায় ওই নারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে প্রায় ১৫ মিনিট যানজট ছিল। পরে দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করলে যানজট নিরসন হয়। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল আজম রবিন জানান, মঙ্গলবার সাড়ে ১১টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এদূর্ঘটনা ঘটে। এতে সেতারা আক্তার নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়। সে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের শাহ আলম ভুঁইয়ার স্ত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে —ইত্তেফাক
