রাজধানীর ১৫ সরকারি স্কুলের শত কোটি টাকার জমি বেহাত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৩
রাজধানীতে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতকোটি টাকার মূল্যের জমি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এসব স্কুলের জমিতে গরু-ছাগলের হাট, ভবন, দোকান নির্মাণ, বস্তি বানিয়ে ভাড়া দেয়া হচ্ছে। সমপ্রতি দুদকের কাছে এ ধরনের অভিযোগ আসলে কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক সূত্র জানায়, রাজধানীতে ২৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে অন্তত ১৫টি স্কুলের জমি ও ভবন দখলের বিষয়ে দুদকের কাছে তথ্য রয়েছে। স্কুল ভবন কিংবা জমি দখল করে স্কুলে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের জন্য স্কুল প্রাঙ্গণ ও ভবন ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সাময়িক অনুমতি নিয়ে ভবনে আসলেও তা আর পরবর্তী সময়ে ছাড়ছে না। এসব অভিযোগের অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক এ অভিযোগ অনুসন্ধান করছেন। দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর কাপ্তানবাজারের খোদাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে ছাগলের হাট আর পশু জবাইখানা বানানো হয়েছে। অভিযোগ রয়েছে স্কুলের সরকারি জমিও প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ওয়ারীর এম এ আলীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ, ডেমরার ব্রাহ্মণচিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ, মোহাম্মদপুরের টাউন হল-সংলগ্ন শাহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশ, কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ শতাংশ জমির মধ্যে সাড়ে ১০ শতাংশ, গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ দশমিক ৭৬ শতাংশের মধ্যে ২৫ শতাংশ, সামাজিক শিক্ষাকেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার কাঠা জায়গা, শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ, কাজী ফরিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক একর ৮৫ শতাংশ জমির মধ্যে কয়েক শতাংশ জমি বাদে পুরোটাই, নাজিরাবাজার সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ১০ শতাংশ জায়গার প্রায় পুরোটাই বেদখল। এছাড়া এফ কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের তিনটি তলাই দখল করে রেখেছে বংশাল বালিকা উচ্চবিদ্যালয়। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে একটি দখল করে নিয়েছে ‘রমনা রেলওয়ে’ নামের একটি বেসরকারি স্কুল। কাচকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে দুটিই বেদখল। হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইট, বালু, সুরকিসহ নির্মাণ সামগ্রী রাখে এলাকার লোকজন। জমি দখল করতে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন কিছু প্রভাবশালী।