পরিকল্পনা মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক কনফারেন্স সপ্তাহে তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব গ্রহণ করেন।
আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি মেলবোর্ন থেকে বলেন,‘বাংলাদেশের মানুষ মনে-প্রাণে ক্রিকেটকে ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট প্রেরণা দেয়। কাজেই সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, বাঙালি জাতি ক্রিকেটকে ঘিরেই তার অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। ক্রিকেট তার কাছে সবসময় প্রেরণা হিসেবে থাকবে।”
তিনি এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সভায় ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসনকে দুই বছরের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
