হাসপাতালে ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট গঠনের সুপারিশ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৪
সারাদেশের হাসপাতালগুলোতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট’ গঠন, নিরাপত্তা অ্যালার্ম স্থাপনসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিক শিশির মোড়লকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পৃথক এসব প্রতিবেদনে দায়ী চিকিত্সকদের সনদ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে চারটি হাসপাতালের ঘটনায় গঠিত তদন্ত কমিটির এ প্রতিবেদন তুলে ধরেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ঘটনায় সৈয়দা আনোয়ারা বেগম, বারডেমের ঘটনায় যুগ্ম সচিব গৌতম আইচ সরকারকে সভাপতি করে প্রতি কমিটিতে চারজন সদস্য রেখে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল গত ২৪ এপ্রিল। তদন্ত কমিটি যে সুপারিশ করেছে তা বাস্তবায়ন করা হবে জানিয়ে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি, যে কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে যে সুপারিশ আছে তা বাস্তবায়ন করলে সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, আমি চাই ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সকল নেতৃবৃন্দ আছেন, তারা যেন সকলেই এক সাথে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করেন। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এটা কেউ আমরা প্রত্যাশা করি না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে সহনশীলতার মাধ্যমে আমাদের সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। তাই আমাদের নিজেদের মধ্যে যদি সম্প্রীতি থাকে তাহলে এই সকল ছোট ছোট ঝামেলা এড়ানো সম্ভব। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সলান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।