মোদীর ঘনিষ্ঠ সহযোগী হতে যাচ্ছেন বিজেপির নতুন প্রেসিডেন্ট

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৫
মোদীর ঘনিষ্ট রাজনৈতিক সহযোগী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর ফলে দলের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর। বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস এই মনোনয়নকে সমর্থন দিয়েছে। অমিতকে শিঘ্রই দলীয় প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা করা হতে পারে। মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। একারণে বিজেপি মনে করছে দলীয় প্রেসিডেন্ট পদের ব্যাপারে আর বিলম্ব করা উচিত নয়। এসব নির্বাচনে অমিত শাহ সামনে থেকেই নেতৃত্ব দেবেন। একজন বিজেপি নেতা ইত্তেফাককে বলেন, এবছর লোকসভা নির্বাচনের সময় উত্তর প্রদেশে তিনি তার সাংগঠনিক ক্ষমতার প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। লোকসভা নির্বাচনে এবার বড় বিজয়ে মোদী ছাড়াও অমিত শাহের বড় ভূমিকা ছিল। মোদীর অত্যন্ত কাছের লোক হবার কারণে অমিতের হাতে দায়িত্ব যাওয়া মানেই দল মোদীর নিয়ন্ত্রণে থাকা।