বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, সরকার জুলুম-নির্যাতন চালিয়ে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন স্তব্ধ করে দিতে চায়। কিন্তু এভাবে গুম-হত্যা, অপহরণ, নির্যাতন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমানো যাবে না। সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। হত্যা এবং দলন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।
বিবৃতিতে তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলী মেম্বারকে বাসা থেকে ধরে নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করার ঘটনা উল্লেখ করে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে মো.আলী মেম্বারের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
