বেলকুচিতে সেপটিক ট্যাঙ্ক মেরামতকালে ২ শ্রমিক নিহত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৭
সিরাজগঞ্জের বেলকুচির তামাইয়ে সেপটিক ট্যাঙ্ক মেরামত করার সময় ২ নির্মাণ শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফজল আলীর ছেলে শহিদুল (৩০) ও নিজাম উদ্দিনের ছেলে বাবু (২৫)। আহতরা হলেন- আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও হাসান আলী শেখের ছেলে মনোয়ার হোসেন লেবু (৪০)। তাদের সবার বাড়ি সদর উপজেলার শিয়ালকোল গ্রামে এবং তারা সকলেই রাজমিস্ত্রি। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে উক্ত শ্রমিকরা বেলকুচি উপজেলার তামাইয়ের কাজীপাড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের বাড়ির সেপটিক ট্যাঙ্কটি মেরামতের কাজ শুরু করে। প্রথমে বাবু ও শহিদুল কাজ করার জন্য নিচে নামলে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে আলমগীর ও লেবু নিচে নেমে চিত্কার দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উপরে তোলে। এ সময় ঘটনাস্থলেই বাবু মারা যায় এবং গুরুতর আহত হয় অপর ৩জন। বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে শহিদুল মারা যায়। বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।