আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। তিনি বলেন, এডিবি আন্তসীমান্ত জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করছে। বাংলাদেশে এডিবির নেয়া বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে তিনি বলেন, কানেকটিভিটি বাড়াতে না পারলে অন্য অঞ্চলগুলোর তুলনায় এই অঞ্চলের আন্ত:বাণিজ্য হার বাড়বে না।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (এ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় এডিবির মিশন প্রধান আরো বলেন, রেলওয়ে, জ্বালানি, কানেকটিভিটি প্রভৃতি খাতে এডিবি অর্থায়নপুষ্ট প্রকল্প রয়েছে। এ অঞ্চলের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আন্ত:সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য বাড়াতে হবে। তিনি এডিবির বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোকপাত করেন।
এ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নেয়া সম্ভব। কিন্তু বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে আন্ত:আঞ্চলিক বাণিজ্য মাত্র ৫ থেকে ৬ শতাংশ। যেখানে আশিয়ানে এই হার ২৮ শতাংশ এবং নাফটায় ৫২ শতাংশ। অন্যান্যের মধ্যে অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী, মাইনউদ্দিন মোনেম, এম এ গফুর প্রমুখ আলোচনায় অংশ নেন।
