শ্রীপুরের শাপলা হাসপাতাল অবশেষে সিলগালা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৫০
শ্রীপুরের দরিদ্র মুদি দোকানি মনিরুজ্জামানকে ভুল চিকিত্সা প্রদানকারী সেই হাসপাতালটি অবশেষে সিলগালা করে দিয়েছে ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমান। উপজেলার তেলিহাটীর উত্তর পেলাইদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনিরুজ্জামানের পায়ুনালী কেটে ফেলার ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর বুধবার রাতে ইউএনও’র নেতৃত্বে পুলিশ মাওনার শাপলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই হাসপাতালটি সিলগালা করে দেয়। এ সময় ওসি মহসিন উল কাদির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে ডা. জহিরুন্নেছা রেনুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, সামান্য পেট ব্যথা নিয়ে শাপলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মনিরুজ্জামানকে ভর্তি করা হলে সে এপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়েছে বলে চিকিত্সক মফিজুর রহমান ফাহিম অপারেশন থিয়েটারে নিয়ে হাত-পা বেঁধে তার মলনালী কেটে ফেলে। পরদিন মনিরুজ্জামানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা পরীক্ষা করে জানান, তার ভুল চিকিত্সা হয়েছে। জামান এপেন্ডিসাইটিসে আক্রান্ত ছিলেন না বলেও জানান চিকিত্সকরা। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ মো.হাসান ইমাম গঠন করেন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি । তদন্তের পর অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি।