আগে কখনো ব্যবসায়িক ঋণ নেননি এমন উদ্যোক্তাদের ঋণ দিতে ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কটেজ, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নতুন উদ্যোক্তারা এ তহবিলের আওতায় ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ পাবেন। জামানত ছাড়া ১০ লাখ টাকা এবং জামানত দিয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাত উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন সুবিধা দিয়ে আসছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়া কঠিন একটি ব্যাপার। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অধীনে নির্বাচিত, প্রশিক্ষিত বা স্বপ্রশিক্ষিত নতুন উদ্যোক্তাদের অর্থায়ন করতে এ তহবিল চালু করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নতুন উদ্যোক্তাকে মোট প্রকল্প ব্যয়ের অন্তত ২০ শতাংশ বহন করতে হবে। এর পর এক, তিন ও পাঁচ বছর মেয়াদে তিনি ঋণ নিতে পারবেন। একবছর মেয়াদে নেয়া ঋণ এককালীন পরিশোধ করতে হবে। তিন ও পাঁচ বছর মেয়াদি ঋণ কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে। আর প্রতিটি ক্ষেত্রে ঋণের সর্বনিম্ন গ্রেস পিরিয়ড দিতে হবে তিন মাস। এ তহবিল থেকে ব্যাংকগুলো পাঁচ শতাংশ সুদে ঋণ নিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে গ্রাহক পর্যায়ে বিতরণ করবে। তহবিল থেকে অর্থ নিতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বলা হয়েছে। কোনো ব্যাংক ভুল তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিলে ব্যাংক রেটের দ্বিগুণ সুদসহ এককালীন পুরো অর্থ আদায় করা হবে বলে সতর্ক করা হয়েছে।
