ক্লাব ফুটবলে নেইমার ও মেসি একই দলে খেলেন। সেখানে দলকে জেতানোর লক্ষ্য নিয়েই তারা যৌথ প্রচেষ্টা চালান প্রতিপক্ষের উপর। কিন্তু বিশ্বকাপ ফুটবলের আসরে এই দুইজন নেমেছেন দুই দেশের হয়ে নিজেদের শীর্ষে নেয়ার লড়াইয়ে। তাই প্রথম পর্ব শেষ হওয়ার আগেই প্রশ্ন উঠেছে এবার গোল্ডেন বুট কে জিতবেন? দলকেই বা কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিবেন? জবাবে ঘুরে-ফিরে আসছে এই দুই ফুটবল নক্ষত্রেরই নাম।
তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রেনালদোকে বসানো হয়েছিল মেসি-নেইমারদের পাশের আসনে। কিন্তু রোনালদো কোন আলোচনাতেই এখন নেই। মেসি আর নেইমারকে নিয়েই যত কথা। ব্রাজিলের মিডিয়াগুলোর দিকে চোখ রাখলেও দেখা যাচ্ছে ঘুরেফিরে এই দুজনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বিশ্বকাপে মেসি এবং নেইমার দুজনেই ৪টি করে গোল করে এগিয়ে আছেন গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে। তবে ৩ গোল করে তাদের পেছনেই রয়েছেন ফ্রান্সের করিম বেনজামা, সুইজারল্যান্ডের জারভান শাকিরি, কলম্বিয়ার রডরিগুয়েজ, জার্মানির থমাস মুলার ও নেদারল্যান্ডসের রবিন ফ্যান পার্সি। এদের মধ্যে আবার দুজন (মুলার ও শাকিরি) হ্যাটট্রিক করেছেন।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ২ গোল পাওয়া নেইমার মেক্সিকোর বিরুদ্ধে গোল পাননি। তবে সেটি আবার পুষিয়ে নিয়েছেন ক্যামেরুনের বিরুদ্ধে ২ গোল করে। নেইমার যখন এগিয়ে গেলেন মেসি কেন পিছিয়ে থাকবেন! নাইজেরিয়ার বিরুদ্ধে ২ গোল করে আবার নেইমারের পাশে নামটা লিখিয়ে নিলেন মেসি। এখন কে এগিয়ে যাবেন, আর কে থেকে যাবেন-সেই লড়াইটা শুরু হচ্ছে নকআউট পর্বে। যদিও এই পর্বে নিজের গোল সংখ্যা বাড়ানোর চেয়ে ম্যাচ জেতানোটাই বড় কথা। সেখানে নেইমার বা মেসির নিজেদের গোলের দিকে তাকানোর সময় কোথায়।
নেইমার-মেসিরা গোল্ডেন বুটের কথা নিয়ে চিন্তা না করলেও ফুটবল দর্শকরা কিন্তু সেটা নিয়ে ঠিকই আলোচনা করছেন। কারণ ফুটবল বিশ্বকাপে এটা শুরু থেকেই হয়ে আসছে। ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের ৮৪ বছরের ইতিহাসে চ্যাম্পিয়ন দলের ফুটবলার গোল্ডেন বুট জিতেছেন ৪ বার। আর এ পর্যন্ত ব্রাজিলের ফুটবলাররাই বেশি জিতেছেন গোল্ডেন বুট, সর্বাধিক ৫ বার। সর্বশেষ জিতেছিলেন ২০০২ সালে রোনাল্ডো। আর্জেন্টিনার সর্বশেষ গোল্ডেন বুট জেতা খেলোয়াড়টি হলেন ম্যারিও ক্যাম্পেস। ১৯৭৮ সালের পর আর কোনো আর্জেন্টাইন গোল্ডেন বুট পাননি। এর আগে গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টিনার গুলিয়েরমো, সেটা প্রথম বিশ্বকাপে। তাই এবার মেসির দিকে তাকিয়ে আর্জেন্টিনা।
১৯৩৮ সালে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় আসরে ব্রাজিলের লিওনিদার সিলভা ৭ গোল করে বুটটি জয় করেন। ১৯৫০ সালের আসরে ব্রাজিলের আদামির ৮ গোল করেন। ৬২’র চিলি বিশ্বকাপে চারজন সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এর মধ্যে ব্রাজিলের গ্যারিঞ্চা এবং ভাবা ৪টি করে গোল করেছেন। আর সর্বশেষ ২০০২ সালে ব্রাজিলের হয়ে রোনাল্ডো ৮ গোল করে গোল্ডেন বুট জয় করেছিলেন।
মেসি না নেইমার, কে হবেন এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী-সেটা জানতে উত্সুক পুরো ফুটবল দুনিয়া। মেসি কি পারবেন ম্যারিও ক্যাম্পেসের পর নিজের নামটি লেখাতে। নাকি রোনাল্ডোর পর এই অর্জন নিজের করে নেবেন ব্রাজিলের নেইমার?
