জঙ্গিবাদ দমন ও বর্জনে জাতীয় সংলাপের আহবান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন, গণতন্ত্র নিয়ে এক হাজারবার আলোচনায় বসতে রাজি আছি। কিন্তু সব চাইতে আগে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার জন্য দরকার জঙ্গিবাদ দমন-বর্জনে জাতীয় সংলাপ। এই সংলাপের উপরই নির্ভর করবে বাংলাদেশে গণতন্ত্র টিকবে কি টিকবে না। দেশ সামনে এগুবে কি এগুবে না।
তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুর শহরে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর জেলা জাসদের সভাপতি মোঃ আবদুর রফিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, লুত্ফা তাহের এমপি, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, মঞ্জুর হোসেন মঞ্জু, জনসংযোগ সম্পাদক মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জেলা সাংগঠনিক সম্পাদক শাহিনা আক্তার, তারিকুল ইসলাম আকন্দ লিটন, অ্যাডভোকেট আব্দুল হাই প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, প্রবাসী বাঙ্গালি, পোশাক শ্রমিক ও কৃষক তাদের প্রথম শ্রেণীর নাগরিক হওয়া উচিত।
সম্মেলনে মোঃ আবদুর রফিককে সভাপতি, জহিরুল হক মন্ডল বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা জাসদের নতুন কমিটি গঠন করা হয়।
