কারাগারে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৫৭
শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মান হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম এ আদেশ দেন। রাজধানীর বিজয় সরণির আকরাম টাওয়ার থেকে দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল গত বুধবার তাকে গ্রেফতার করে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ঢাকায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় কোনো আবেদন করা হয়নি। চট্টগ্রামের আদালতই তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করে। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়। ঋণ জালিয়াতির মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের এ পরিচালক ব্যাংক থেকে প্রায় ১৪০ কোটি টাকা আত্মসাত্ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।