হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
শ্বশুরবাড়ি থেকে নিজ দেশে ফেরার পথে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন ভারতীয় নাগরিক চরণ সিংহ (৩৫)। এ কারণে গত ২০ মাস দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন তিনি। মঙ্গলবার তাকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চরণ সিংহ উত্তর প্রদেশের বারেইলি সাহোরা জেলার বাছাই থানার ওমরবাড়ী গ্রামের রামস্বরুপের ছেলে।
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি মো. ফিরোজ কবীর জানান, ২০১৭ সালে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলার পালিগ্রামের শ্বশুরবাড়ি থেকে ভারতে ফিরে যাচ্ছিলেন চরণ সিংহ। এ সময় তার কাছে পাসপোর্ট-ভিসা না থাকায় হিলি সীমান্ত এলাকা থেকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার বিরুদ্ধে অবৈধ প্রবেশের চেষ্টার অভিযোগ এনে হাকিমপুর থানায় মামলা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ২০ ফেব্রুয়ারি দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেন। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায়ের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফিরে যাওয়ার সময় চেকপোস্ট গেটে চরণ সিংহ বলেন, ভুলের কারণে আমাকে ২০ মাস জেলে থাকতে হয়েছে। স্ত্রী, ছেলে-মেয়েদের রেখে গেলাম, এবার পাসপোর্ট ভিসা নিয়েই শ্বশুরবাড়িতে আসবো।
চরণ সিংহের মামাশ্বশুর মহাভারত জানান, ১০ বছর আগে জয়পুরহাটের কালাই উপজেলার পালিগ্রামের শিল্পী রানীর (২৬) সঙ্গে বিয়ে হয় চরণ সিংহের। উত্তর প্রদেশে আত্মীয় থাকার সুবাদে এ বিয়ে হয়। এরপর থেকে চরণ সিংহ শ্বশুরবাড়িতে পাসপোর্ট-ভিসা ছাড়াই আসা-যাওয়া করতো।
