মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদীতে পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ চার মাস ধরে চিকিত্সা সেবা বন্ধ রয়েছে। ডাক্তার-স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কেউ না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। গাছুয়া ইউনিয়নবাসী প্রতিদিনই সেবা নিতে এসে বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী শওকত হোসেন হিরু অবসরে যাওয়ার পরে সাধারণ মানুষ চিকিত্সা সেবা পাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, স্বাস্থ্য সহকারী শওকত হোসেন হিরু চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ অবসরে যান। অবসরে যাওয়ার আগে সর্বশেষ জানুয়ারি মাসের ২১ তারিখের দিকে একবার উপস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। এরপর থেকে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ রয়েছে। হতদরিদ্র মানুষ ওষুধ নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কম থাকায় পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে লোক দেওয়া সম্ভব হয়নি। গত চার মাস ধরে উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা বন্ধ ছিল। তবে আলীমাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী সাজ্জাদ হোসেনকে সপ্তাহের তিনদিন পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাজ্জাদ হোসেন জানান, পৈক্ষা-নমরহাট উপস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের কাজ করার কথা থাকায় আমি সেখানে যাইনি।
