কালীগঞ্জে অপহূত শিশু ঢাকায় উদ্ধার, আটক এক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৪৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রাম থেকে গত শনিবার অপহূত ৪র্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শিশু রিয়াদ উপজেলার বগেরগাছি গ্রামের ফারুক হোসেনের ছেলে। 

সোমবার রাতে শিশু রিয়াদকে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তাইজুল ইসলাম স্বপন ওরফে মুন্নাকে আটক করে পুলিশ। আটক মুন্না উপজেলার বগেরগাছি গ্রামের শুকুর মোল্লার ছেলে।

শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শিশু রিয়াদকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে আটক করে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামানের মাধ্যমে শিশুটিকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আত্মীয় পরিচয়ে বাড়িতে এসে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশু অপহরণের শিকার হয়।