নেত্রকোনা সদর উপজেলার অনন্তপুর গ্রামের গোলাম মাওলার পুত্র স্বপন মিয়াকে (১৪) হত্যার অভিযোগে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে জাহাঙ্গীর (২৫) এবং তার ভাই সাগর মিয়া (২৮) এবং শহীদ মিয়া (৫০)। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ গত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। জাহাঙ্গীর এবং সাগর মিয়া পলাতক। এ মামলায় তিনজন মহিলাসহ ছয়জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, একই এলাকার শহীদ মিয়া এবং জাহাঙ্গীরের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। এরই জের ধরে ২০০৫ সালের ২৭ অক্টোবর স্বপন মিয়াকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
