সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর নামক স্থান থেকে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কাঠেশ্বর নদী থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহূত জেলেদের বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে। এরা হলেন:আরশাদ আলী সানার ছেলে আব্দুল করিম সানা (৪০), মকবুল শেখের ছেলে ওয়াছ কুরুনি (২৮) ও সিরাজুল শেখের ছেলে নুরুজ্জামান (২৪)। সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের ও তাদের স্বজনদের বরাত দিয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম জানান, কাঠেশ্বর নদীতে কাঁকড়া ধরার সময় সুন্দরবনের জিয়া বাহিনীর সদস্যরা ওই তিনজনকে অপহরণ করে। তাদের প্রত্যেকের কাছে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে। এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কেরামত আলী মল্লিকের কাছে বিষয়টি জানার জন্য ফোন করা হলে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
