চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ১৫শ’ টন স্টিল কয়েল নিয়ে এমভি সুন্দরবন নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গা উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটির ১২ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজডুবির কারণে চ্যানেলে কোনো ধরনের সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের কন্ট্রোল রুম সূত্র জানায়, বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের দিকে ফেরার সময় প্রচণ্ড ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়। সংবাদ পাওয়ার পরপরই ১২ জন নাবিককে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৬ দিন আগেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্ট ক্লিঙ্কারবাহী একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটে।
