পবার নওহাটা পৌরসভার রাস্তার ল্যাম্পপোস্টের বাতি বন্ধ থাকায় অন্ধকারে রয়েছেন নওহাটা পৌরবাসী। গত সাতদিন থেকে বাতিগুলো অকেজে হয়ে থাকলেও সচল করতে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, গত শনিবার থেকে বাতিগুলো বন্ধ থাকায় নওহাটা বাজার, সাহাপাড়া, নওহাটা কলেজমোড়সহ পুরো এলাকা অন্ধকার। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নওহাটা পৌরসভার বিদ্যুত্ বিল বাকি রয়েছে ২৪ লাখ টাকার উপরে। বিদ্যুত্ বিল পরিশোধ করতে না পারায় রাস্তার বাতিগুলো জ্বালাতে পারছে না। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নওহাটা জোনের প্রকৌশলী শরিফুল আওলাদ জানান, কি কারণে পৌরসভার ল্যাম্পপোস্ট বন্ধ রয়েছে তা জানা নেই।
নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আমি ট্রেনিং-এ আছি। তবে আমি শুনেছি ল্যাম্পপোস্টের মিটার নষ্ট হয়ে পড়ায় ল্যাম্পপোস্টগুলো বন্ধ রয়েছে। তবে সেগুলো চালু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। নওহাটা পৌর মেয়রের মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
