মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ থমকে গেছে

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০২
থমকে গেছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ। প্রশাসনিক জটিলতার কারণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এখানকার শিক্ষার্থীরা। সাতক্ষীরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ ২০১২ সালের জুন মাসে শুরু হয়। শুরু থেকেই নির্মাণ কাজ অতি দ্রুততার সাথে চলতে থাকে। কাজের সন্তোষজনক অগ্রগতিতে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে কাজ সমাপ্ত হবে বলে টার্গেট করা হয়। সে টার্গেটকে সামনে রেখে অতিদ্রুত কাজ চলতে থাকে এবং বিস্ময়কর অগ্রগতি সাধিত হয়। টার্গেট মোতাবেক ২০১৩ সালের আগস্ট মাসে হাসপাতাল অংশের ০৬ টি আবাসিক ভবনের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত হয়। সমাপ্তকৃত আবাসিক ভবনগুলোতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের একাডেমিক, প্রশাসনিক ও পুরুষ মহিলা হোস্টেলের কাজ অস্থায়ীভাবে শুরু করা হয়েছে। অগ্রগতির এক পর্যায়ে প্রশাসনিক জটিলতার কারণে কাজের গতি অনেকটাই মন্থর হয়ে যায়। বর্তমানে কাজটির ৯০% অগ্রগতি হয়েছে। এদিকে বিগত টার্গেট মাফিক কাজ সমাপ্ত হওয়ার বিষয়টি মাথায় রেখে হাসপাতালের বেড, ফার্নিচার যন্ত্রপাতি ও ওষুধ ক্রয় করা হয়। এগুলো স্তূপাকারে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। এতে কিছু কিছু মালামাল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস উক্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক ভবনগুলোতে চলছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ায় ছাত্র-ছাত্রীদের ক্লিনিক্যাল ব্যবহারিক বিষয়গুলো যা কিনা রোগীদের ওয়ার্ড ভিত্তিক সেগুলো পাঠদান করা দুরূহ ব্যাপারে হয়ে যাচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজের ক্যাম্পাস ০৫ কিঃমিঃ দূরে। প্রতিদিন ছাত্র-ছাত্রীদের সে হাসপাতালে যাওয়া আসা করতে হয়। অথচ ছাত্র-ছাত্রী পরিবহনের জন্য কোন ব্যবস্থা নেই। সব কিছু মিলে বিষয়টি খুব এলোমেলো অবস্থায় চলছে।