কর্ণফুলী নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার ‘এমটি ওশেন সামার’-এর ধাক্কায় গত বৃহস্পতিবার বিকালে মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি খালাসকারী ডলফিন জেটি (আরএন ৫) আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমদানি করা ফার্নেস অয়েল নিয়ে জাহাজটি জেটিতে ভেড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জেটির প্ল্যাটফরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১৩ জুন ৩২ হাজার টন ডিজেল নিয়ে জেটিতে ভিড়ার সময় মালয়েশিয়ার পতাকাবাহী এমটি এনজর্ড এরিক নামে একটি মাদার ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড ধাক্কা দিলে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়। ট্যাংকারটি যমুনা অয়েলের জন্য আনা তেল খালাসে জেটিতে ভিড়ছিল। ঘটনার পরপরই মেঘনা পেট্রোলিয়াম জেটি ক্ষতিগ্রস্ত করার জন্য এমটি এনজর্ড এরিককে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করে। ঐদিনই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের নির্দেশে যমুনা অয়েল কোম্পানির এমডি আলিমুদ্দিনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
