শতাধিক লোকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:০৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মোঃ মোশাররফ হোসাইন বাদী হয়ে সরাইল থানায় এ মামলা করেছেন। মামলায় বলা হয়, গত ২৫ জুন বুধবার বিদ্যুতের আশুগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে লোড-এর স্বল্পতা ছিল। ফলে বিতরণ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া দফতরের আওতাধীন ঘাটুরা ৩৩/১১ উপকেন্দ্র থেকে সরাইল সদর ও তত্সংলগ্ন এলাকা সমূহে বিদ্যুত্ সরবরাহ করার চেষ্টা করা হয়। বিতরণকালে সাময়িক বিঘ্নের সৃষ্টি হয়। এতে ক্ষুদ্ধ হয়ে উচালিয়া পাড়া মোড় থেকে শতাধিক উচ্ছৃঙ্খল লোক মিছিল নিয়ে বিদ্যুত্ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত লোডশেডিং চলে। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার পর আর বিদ্যুত্ আসেনি। সরাইল সদরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিদ্যুত্ অফিসে হামলা চালায় বিক্ষুদ্ধ লোকজন। এ সময় পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, গত বৃহষ্পতিবার রাতে মামলা নথিভুক্ত হয়েছে।