বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ঘিওরে চালকসহ দুইজন নিহত
মানিকগঞ্জের মুলজান এলাকায় গতকাল শুক্রবার ১১টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত ও আরো ২২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বাস চালক রনি (২২) ও একই উপজেলার নয়াচর এলাকার মিন্টু মোল্লা (৪২)। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাকিদের মুন্নু মেডিক্যাল কলেজ ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালুতে রাইচ মিলের
হিসাব রক্ষক নিহত
বগুড়ার কাহালু উপজেলার পোড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রাকের নীচে চাপা পড়ে দরগাহাট ডি’কে অটো রাইস মিলের হিসাব রক্ষক শহিদুল ইসলাম (৪৮) ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, একই মিলের জি,এম মাহমুদুন্নবী তালুকদার ওরফে গ্রীন ও অফিস সহকারী নুরুন্নবী। আহতদের বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যগণ নিজস্ব অ্যাম্বুলেন্সে বগুড়া শহীদ জিলা মেডিক্যাল হাসপাতালে পৌছে দেন। কাহালু থানার পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।
সাঁথিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার নগড়বাড়ী বগুড়া মহাসড়কের শরিষা এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ওসি সাহেদ মাহমুদ খান জানান, উদ্ধারকৃত লাশটি পচে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি। লাশের মুখে সাদা দাড়ি ও মাথায় সাদা চুল রয়েছে। লাশটি উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়ায় অজ্ঞাত
ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা পুলিশ।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক তোতা মিয়া জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে।
শাল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার রহমতপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে পানিতে ডুবে জাহিনুর মিয়া (৭) এক শিশু মারা গেছে। পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, জাহিনুর দাড়াইন নদীর ঘাটে বাঁধা ছোট নৌকায় বসে হাত-মুখ ধোয়ার চেষ্টা করছিল। এ সময় সে নদীতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৮টায় তাকে নদীতে ভাসতে দেখা যায়। জাহিনুরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
গোবিন্দগঞ্জে পানিতে
ডুবে শিশুর মৃত
গাইবান্ধা গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে আলপনা (৪) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আলম মিয়া পুত্র। সবার অজান্তে আলপনা খেলতে গিয়ে বাড়ির পাশে করতোয়া নদীর পানিতে ডুবে যায়।
বড়াইগ্রামে ট্রাক চালক নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মাড়ি ব্রিজের পাশে গতকাল শুক্রবার ভোরে দুই ট্রাকের সংঘর্ষে আব্দুস সামাদ (৩৮) নামে এক ট্রাক চালক নিহত ও একজন আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাক আইড়মারি এলাকায় বিকল হয়। এ সময় ড্রাইভার আব্দুস সামাদ ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকায় অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সাপাহারে আদিবাসীর
লাশ উদ্ধার
নওগাঁর সাপাহারে গতকাল শুক্রবার সকালে রাপিয়া উরাও (৪৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, রাপিয়া উরাও গত সোমবার মহাদেবপুর উপজেলার জন্ডীগ্রামে তার মেয়ের বাড়ি বেড়াতে যায়। ধারণা করা হচ্ছে, মেয়ের বাড়ি হতে নিজ বাড়ি ফেরার পথে রাস্তায় অধিক হারে নেশা পান করে মারা যান। এ ঘটনায় সাপাহার থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দিনাজপুরে বজ্রপাতে
একজনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে ফয়জার রহমান (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় সে গরু আনার জন্য মাঠে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে
আহত ছাত্রের মৃত্যু
আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডে বিদ্যুত্স্পৃষ্টে আহত রাফিল (১২) নামে এক স্কুল ছাত্র গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সে গত সোমবার দুপুরে ভবনের ছাদে ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়।
