নেত্রকোনা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বেসরকারি সংগঠন স্বাবলম্বীর ব্যবস্থাপনায় নারী নির্যাতন প্রতিরোধে সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অবদানের জন্য নেত্রকোনার চারজন নারী নেত্রীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নেত্রকোনা মধুমাছি বিদ্যা নিকেতনে গতকাল শুক্রবার কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলওয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন।
বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মহিলা পরিষদের উপদেষ্টা নারী নেত্রী জোবেদা খানম, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার এবং প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
নারী নির্যাতন প্রতিরোধে সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, অ্যাডভোকেট দিলওয়ারা বেগম, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী এবং পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরাকে সম্মাননা প্রদান করা হয়।
