সুন্দরগঞ্জে ঝড়ে বিধ্বস্ত স্কুল মেরাত হয়নি

আপডেট : ২৭ জুন ২০১৪, ২১:২৮
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে লেখাপড়া করছে। এতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টি এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে। গত ১৩ জুন কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি লন্ডভন্ড হয়ে যায়। এতে পাঠদান দেয়ার মত আর কোন শ্রেণিকক্ষ না থাকায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হচ্ছে। ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা অদম্য স্পৃহা নিয়ে কখনো রোদ, কখনো বৃষ্টিকে উপেক্ষা করে ক্লাস করায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মিয়া জানান, বিদ্যালয়টি জরুরিভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। প্রধান শিক্ষক মোর্শেদা বেগম জানান, এ পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন এভাবে চললে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তিনি আরো বলেন, বিদ্যালয়টি মেরামতের জন্য ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।