কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাজার এলাকায় টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ডাকপাড়া গ্রামের কাবুল উদ্দিন পার্শ্ববর্তী মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মকলেস উদ্দিনের কাছে পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয়ের লোকজন ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে কাবুল উদ্দিন (২৮), রস্তম আলী (২৭), মুকুল (২২), ফাইরুল (৩২), রেজাউল (৪০), আজগর আলী (৪২), ফরজ উল্লাহ (৪৫), হান্নান (৫৫), কালু (৪২) ও মকলেস (৩৫) সহ ১৫ জন আহত হয়। এদের মধ্যে কাবুল উদ্দিন, রস্তম আলী ও ফাইরুলকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।
