রমজান উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রাম মহানগরীর ১৮টি বড় মার্কেট দিনরাত সার্বক্ষণিক পাহারা দেবে পুলিশ। এছাড়া নগরীর অলিতে গলিতে টহল দেবে পুলিশের ৫০টি মোটরসাইকেল। নগরীর অন্যান্য মার্কেট এবং গুরুত্বপূর্ণ স্থানে ফুট পেট্রল ও সার্ভেল্যান্স ক্যামেরা বসানো হবে। খাদ্যে ভেজাল ও ফরমালিন রোধে পুলিশ কঠোর থাকবে। কেউ যাতে মজুদদারি করতে না পারে তা মনিটরিং করা হবে। বৃহস্পতিবার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। অন্যের জীবনকে হুমকির মুখে ফেলে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে পুলিশ কমিশনার উল্লেখ করেন।
সিএমপির সদর দফতরে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম চেম্বার, আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা যোগ দেন। সভায় খাদ্যদ্রব্য ও ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ রাখতে করণীয় বিষয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, মার্কেটে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ও যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
