মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩টি পদেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে পাভেলুর রহমান শফিক খান এক লাখ ৭ হাজার ৭৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত (পুনরায়) হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট প্রার্থী কাজী আবুল বাসার পেয়েছেন দশ হাজার ৯৯৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সাহাবুদ্দিন হাওলাদার (উড়োজাহাজ) ৭৭ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৫৫৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন জাহান হাঁস প্রতীক নিয়ে ৯৬ হাজার ৩৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিও বাঞ্ছারামপুর সংবাদদাতা জানান, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীগণ বিপুল ভোটে জয়লাভ করেছে। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম আনারস প্রতীকে ১২২০৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ উদ্দীন খান জাবেদ কাপ পিরিচ প্রতীকে ১০০৭১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা তালা চাবি প্রতীকে ১২০৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম সবুজ চশমা প্রতীকে ১১১২৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার হাঁস প্রতীকে ১০১১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
