ঈদের আগে সংস্কার কাজ শেষ হচ্ছে না ভোলার সড়কগুলোর!

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫১

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ঈদের আগে সংস্কার কাজ শেষ হচ্ছে না ভোলার আঞ্চলিক মহাসড়ক ও উপজেলা সংযোগ সড়কগুলোর। বিশেষ করে ভোলা-বরিশাল লক্ষ্মীপুর এবং ভোলা-বাংলাবাজার, দৌলতখান-তজুমুদ্দিন ও চরফ্যাশন-বেতুয়া-দক্ষিণ আইচা সড়কসহ বিভিন্ন সড়কে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ থেকেই যাচ্ছে।

ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক জানান, ভোলা থেকে সড়ক পথে বরিশাল-ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্য অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে ইলিশা-পরানগঞ্জ দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক। ২৫ কোটি টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ এবং বাক সরলিকরণের কাজ শুরু হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে। বেশিরভাগ এলাকার কাজ শেষ হলেও এই রুটের ইলিশা বাসস্ট্যান্ড, পাইলট, বুড়ির মসজিদ ও পরানগঞ্জের কয়েকটি পয়েন্টে দুই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ এখনো শেষ হয়নি।