ভূমি অফিসের ১৪ বালাম বই উদ্ধার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভূমি রেজিস্ট্রি অফিসের ১৪টি বালাম বইসহ (গোপন নথি) ৯ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তেজগাঁও সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন আলী আহমেদ সেতু ও আব্দুস সোবহান রয়েছেন। এরা তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ভল্ট শাখায় কর্মরত।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, জমির মূল নথি হিসাবে বালাম বই ব্যবহার করা হয়। এই বালাম বই রেজিস্ট্রি অফিসের ভল্টে সংরক্ষিত থাকে। যা একমাত্র কোর্ট ছাড়া অন্য কারো দেখার অনুমতি নেই।
বালাম বইতে প্রকৃত মালিকের নাম কেটে ভুয়া মালিকের নাম বসিয়ে জাল দলিল তৈরি করে একটি চক্র। বালাম বইতে নাম থাকায় কোর্টের রায়ও ভুয়া মালিকের পক্ষে যাওয়ার ঘটনা ঘটে। দালাল চক্র ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় কাজটি করে থাকেন। এরকম একটি চক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবারই প্রথমবারের মতো এ ধরনের প্রতারকদের গ্রেফতার করা হলো।
মিরপুর থানার এসআই আসাদুজ্জামান জানান, বুধবার রাতে মিরপুরের ই ব্লকের ৭ নম্বর রোডের ২ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ১৪টি বালাম বই, বালাম বইয়ের আংশিক ৫০০টি পাতা ও সরকারি কর্মকর্তা ও ভূমি অফিসের বিভিন্ন ধরনের ২শ’ সিল উদ্ধার করা হয়।
এসময় ঐ বাসার মালিক দলিল লেখক মেহেদী হাসান, টুকু ও ওবায়দুর রহমান নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেজগাঁও শিল্প এলাকার তেজগাঁও সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন আলী আহমেদ সেতু ও আব্দুস সোবহানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
