মহাসড়কে চার লেনের নির্মাণ কাজের পাশাপাশি আষাঢ়ের প্রবল বর্ষণে বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বৃহস্পতিবার সারাদিন মাঝারি বর্ষণে বিকাল থেকে ফের যানজটের সূত্রপাত ঘটে কুমিল্লার চান্দিনা বাসস্টেশন এলাকা থেকে। গতকাল শুক্রবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর থেকে ময়নামতি সেনানিবাস এলাকা পর্যন্ত যানজট ছিল।
এর আগে গত মঙ্গলবার সারা দিন যানজটে অচল ছিল ওই মহাসড়কের কুমিল্লা অংশ। মহাসড়কের চান্দিনা ও মাধাইয়া বাসস্টেশনে ছোট-বড় গর্তের কারণে আবারো যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক আবদুল সোবহান জানান, সকাল ১০টায় কুটুম্বপুর এলাকায় পৌঁছে যানজটের কবলে পড়ি। কুটুম্বপুর হতে চান্দিনা বাসস্টেশন এলাকায় পৌঁছতে সময় লাগে প্রায় দুই ঘন্টা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) আসাদ জানান, মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ছোট-বড় গর্ত, মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ ও এলোপাতাড়ি যান চলাচলের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে ইলিয়টগঞ্জ ফাঁড়ির ৩টি টিম ও ময়নামতি ক্রসিং ফাঁড়ির ৪টি টিম নিরলসভাবে কাজ করে চলেছে বলে তিনি জানান।
