তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা ও ছিটমহলসহ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্বি-পক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানে ভারত সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি একথা জানান। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠককালে তাকে সুবিধামতো সময়ে ভারত সফরেরও আমন্ত্রণ জানান তিনি।
বেলা ১২টা থেকে প্রায় ২০ মিনিট পর্যন্ত রওশনের সঙ্গে একান্তে বৈঠক করেন সুষমা স্বরাজ। বৈঠক শেষে রওশন সাংবাদিকদের জানান, বিদ্যুত্, তিস্তা ও ছিটমহলসহ বিভিন্ন বিষয়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানে ভারতের নতুন সরকার আন্তরিক বলে সুষমা তাকে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা জানান, রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়নি।
এর আগে বেলা ১২টার দিকে সুষমা স্বরাজ সংসদ ভবনে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রওশন এরশাদ। এসময় বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ উপস্থিত ছিলেন। সুষমা স্বরাজের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
