সিলেটে ছাত্রদল নেতা খুন

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১৯
সিলেটে পাঠানটুলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাত্রদল নেতা জিল্লুল হককে (২১) কুপিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রদলের ২ গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে নিহতের বাড়ি। তিনি ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় ছাত্রদলের ২ কর্মী আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা জিল্লুল হক গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদিনা মার্কেট থেকে পাঠানটুলায় এসে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ঠাণ্ডা পানীয় পান করছিলেন। এ সময় ৩টি মোটর সাইকেলে ৬ ক্যাডার ধাওয়া করে তাকে পাশের একটি গলির ভেতর নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, এ ঘটনায় এসআই নয়ন কুমার করের নেতৃত্বে তাত্ক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার পর পর ছাত্রদল কর্মী সায়েম আহমদ (৩০) ও ফরিদ আহমদকে (২০) আটক করা হয়। জগন্নাথপুর এলাকায় আটক সায়েমের বাড়ি। বর্তমানে তিনি সুবিদবাজার নূরানী আবাসিক এলাকায় থাকতেন। ফরিদ সুবিদবাজার নূরানী এলাকার বাসিন্দা। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত জিল্লুল আগে ছাত্রদলে মিজান গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি জামান গ্রুপে যোগ দেন।