চট্টগ্রামের পাথরঘাটা থেকে অপহূত আড়াই বছরের শিশুকে ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। এ সময় অপহরণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২২ জুন চট্টগ্রামের পাথরঘাটার নিজ বাসা থেকে ওমান প্রবাসী রাজু দে’র আড়াই বছরের ছেলে দেবরাজকে চকলেট ও আইসক্রিম কিনে দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করেন পূর্ব পরিচিত খন্দকার ইয়াহিয়া।
অপহরণকারীরা মুঠোফোনে দেবরাজের মা প্রিয়াঙ্কার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় চট্টগ্রামের কোতয়ালী থানায় মামলা করেন প্রিয়াঙ্কা। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় রাজধানীর মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী ইয়াহিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর ব্যক্তিরা হলেন সঞ্জু, মোসাম্মত অনুপা ও হুমায়ুন কবির। তাদের কাছ থেকে দেবরাজকে উদ্ধার করে পুলিশ।
