ছদ্মবেশে মাঠে পুলিশের বিশেষ টিম
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
সিলেটে গাড়ী হামলা করে এখন ছিনতাই‘র ঘটনা ঘটছে প্রায়ই। নগরীতে পরপর এরকম কয়েকটি ছিনতাই‘র ঘটনায় এসএমপি‘র ঘুম এখন হারাম। তবে এবার ছিনতাইরোধে মাঠে নামানো হয়েছে পুলিশের ছদ্মবেশী বিশেষ টিম। মহানগর পুলিশের এই বিশেষ টিম সাদা পোশাকে ছদ্মবেশে টহল দেবে নগরীজুড়ে। সাধারণ মানুষের সাথে মিশে ছিনতাই রোধ এবং ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হবে এই বিশেষ টিম এমনি আশা এসএমপি কর্মকর্তাদের। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন আহমদ জানান, শুক্রবার থেকেই মাঠে কাজ শুরু করেছে তারা। এই টিম সার্বক্ষণিক কাজ করবে নগরীতে।
বেশ কিছু দিন থেকে সিলেট নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম একের পর এক ঘটতে থাকলে পুলিশ প্রশাসন ইমেজ সংকটে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে গতমাসে প্রথমে সিলেটের ক্রাইম স্পট দক্ষিণ সুরমায় বিভিন্ন অপকর্ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয় এসএমপি। এসএমপির কমিশনার মিজানুর রহমান খান সংশ্লিষ্ট থানার ওসিদের ‘ক্রাইম’ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ‘বিদায়’ জানাবেন বলে হুঁশিয়ারি উচ্ছারণ করেন। আর সেই আদেশ পালনে দক্ষিণ সুরমা থানার ওসি ব্যর্থ হলে তাকে সেখান থেকে ‘বিদায়’ দিয়ে মাদক, পতিতা, হিজড়া ও ছিনতাইকারীসহ নানা অপকর্মের দীর্ঘদিনের নিরাপদ আস্তানা উচ্ছেদ করা হয় সফলভাবে। এই অভিযানে পুলিশের প্রশংশা করা হলেও হঠাত্ করে আবার ছিনতাই বেড়ে যায়।
সম্প্রতি নগরীতে ছিনতাই বেড়ে যাওয়ায় নগর জীবন সঙ্কিত হয়ে পড়ে। ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা তোলে বাড়ী ফিরতে পারেন না। সরকারি-আধাসরকারি কর্মকর্তা, গৃহবধূ থেকে শুরু করে সাধারণ মানুষও ছিনতাইকারীদের থাবায় পড়ছেন প্রতিনিয়ত। বিশেষ চক্র এখন ছিনতাই‘র নয়া কৌশল অবলম্বন করছে ছিনতাই কাজে। তাদের টার্গেট এখন যে গাড়ীতে টাকা-সেই গাড়ী। তারা গাড়ীতে হামলা করে টাকা ছিনিয়ে নেয়। আর তারা প্রকশ্যে এমনভাবে ঘটনা ঘটায় দেখলে মনে হবে কোন রাজনৈতিক বিরোধের করণে হাঙ্গামা হচ্ছে। প্রথমে তারা গাড়ীর গ্লাস ভাংচুর করে। চিত্কার করে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকা।
সংঘবদ্ধ ছিনতাইকারীরা ব্যবসায়ী কিংবা ধনাঢ্য ব্যক্তিকে টার্গেট করে। সোর্স মারফত সেই ব্যবসায়ী ব্যাংক থেকে বা অন্য কোথাও থেকে কি পরিমাণ টাকা পরিবহন করছেন তা জেনে নির্দিষ্ট স্পটে অপারেশন চালায়। ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে গাড়ি ভাংচুর করে। একই সাথে চিত্কার করে এমন অবস্থার সৃষ্টি করে মনে হবে কোন রাজনৈতিক বিরোধ। তখন আশপাশের লোকজন নিরাপদে চলে যায়। এই সময় ছিনতাইকারীরা টাকা লুটে নেয় ।
