বিয়ানীবাজারে ডাকাতের হানা, ছুরিকাঘাতে ১ জন নিহত

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:২০
বিয়ানীবাজারে চারখাইয়ে ডাকাত দলের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্তা মো. আব্দুল জলিল চৌধুরী (৬৫) উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী জালালাবাদ গ্রামের হাজী মো. আব্দুছ ছাত্তার চৌধুরীর পুত্র। ডাকাতরা ওই পরিবার থেকে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ জানায়, ৭/৮ জনের হাফপ্যান্ট পরা একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী ওই পরিবারে হানা দেয়। ডাকাতরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। আব্দুল মতিনের পরিবার থেকে চিত্কার শুনে আব্দুল জলিল বের হয়ে আসলে ডাকাত দল তার উপর হামলা চালায়। উপর্যুপরী ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল জলিল চৌধুরীর মৃত্যু হয়। ডাকাতি করে ডাকাতরা চলে গেলে পরিবারের সদস্যদের আর্তচিত্কারে আশপাশের লোক এগিয়ে আসে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিয়ানীবাজার থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতদের হামলায় মো. আব্দুল জলিল চৌধুরী নিহত হয়েছেন। ময়না তদন্তশেষে শুক্রবার বিকালে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।