নোয়াখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫২

নোয়াখালী প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামে ছোট ভাই মো. নিজামের দা এর কোপে বড় ভাই মাহে আলম (৪৫) নিহত হয়েছেন। নিহত মাহে আলম ওই গ্রামের ওলি উল্যার ছেলে।  সে পেশায় একজন অটোরিকশা চালক। সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে নিজ বাড়িতে বড় ভাই মাহে আলমের সঙ্গে ছোটভাই নাইট গার্ড মো. নিজামের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই মিজান উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে মাহে আলমকে গুরুত্বর আহত করে।

পরে পরিবারের লোকজন আহত অবস্থায় মাহে আলমকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে  রাতে সে মারা যান। এ ঘটনার পর নিজাম পালিয়ে যায়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধে মাহে আলম খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে তিনি জানান।