সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে গতকাল শনিবার দুপুরে বিনামূল্যে চক্ষু শিবির ও ভিক্ষুক পুনর্বাসন উদ্বোধন করা হয়। এ কর্মসূচি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনদিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। চক্ষু শিবিরে শতাধিক পুরুষ-মহিলার চোখের ছানিসহ ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রাথমিক চিকিত্সাসেবা বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া ইউনিয়নের ৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্দেশ্যে প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। সুরমা ইউনিয়নে ৪৬ জন ভিক্ষুককে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলে পদক্ষেপের এরিয়া ম্যানেজার মজিব আখন্দ জানান। সংসদ সদস্য পীর মিসবাহ বলেন, এ ধরনের মহতী উদ্যোগ অন্যান্য বেসরকারি সংস্থা গ্রহণ করলে দেশে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে বেশিদিন লাগবে না। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তার, ভার্ড হাসপাতলের ম্যানেজার মশিউর রহমান, ডাক্তার আজিজুল হক, ইউপি সদস্য আব্দুল মুমিন, জাপা নেতা আব্দুর রশীদ প্রমুখ।
