পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১১
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সালথায় ইউপি সচিবের রহস্যজনক মৃত্যু ফরিদপুরের সালথায় গত শুক্রবার রাতে বাসুদেব দাস (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের সচিব। বাসুদেব মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার মৃত নিতাই দাসের ছেলে। নিহতের স্ত্রী কাকলী রাণী দাস জানান, প্রতিদিনের মত স্বামীর জন্য শুক্রবার বিকাল ৪টায় দিকে খাবার নিয়ে পরিষদে এসে দেখেন বাসুদেবের লাশ পরিষদের আড়ার সাথে রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। তার দুই পা ভাঁজ করা অবস্থায় ফ্লোরের সাথে মিশানো ও গলায় ফাঁস এবং মুখ মণ্ডলে রশি পেঁচানো। যদুনন্দী ইউপি চেয়ারম্যান আব্দুর রব জানান, বাসুদেব ১৮ বছর ধরে এ পরিষদের সচিব পদে কর্মরত। সে পাশাপাশি পাটের ব্যবসা করতো। সে অনেকের কাছে টাকাও পাবে। সালথা থানার ওসি মো. তোতা মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসুদেব আত্মহত্যা করেছেন। ময়না তদন্তে রিপোর্ট আসার পর বুঝা যাবে কিভাবে মারা গেল। রায়পুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামে গতকাল শনিবার সকালে গাছ থেকে পড়ে লুত্ফর রহমান (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি গ্রামের ছৈয়াল বাড়ির প্রবাসী সৈয়দ আহমদের কাঁঠাল পাড়তে গাছে উঠেন। এ পা ফসকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে জানান। চারঘাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী রেলগেটে এলাকায় গতকাল শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে জয়নাল (২৫) নামে এক নেশাগ্রস্ত যুবক আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হেরোইনে আসক্ত জয়নাল নেশার জন্য তার বাবার কাছে প্রায়ই টাকা দাবি করে। টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করে। ঘটনার দিন নেশার টাকা যোগাড় করতে ব্যর্থ হয়ে পাগলের মতো ছুটোছুটি করে। এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। নান্দাইলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ছারকান্দা গ্রামে গতকাল শনিবার সকালে নাছিমা আক্তার (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে তিনি ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতের ছেলে মিলন মিয়া জানান, তার মা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল।