আগামী অর্থ বছরে বাজেটে অর্জিত মূলধনের উপর কর আরোপের প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আশার স্বপ্ন বুনছেন। এদিকে লভ্যাংশের করমুক্ত সীমাও বাড়ানো হয়েছে। ফলে বিনিয়োগকারীদের হতাশা দূর হচ্ছে। বিনিয়োগকারীরা বলছেন, বাজেট প্রস্তাবনায় ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর কথা বলায় কিছুটা দুরাশার তৈরি হয়েছিল। কিন্তু এখন তা প্রত্যাহ্যার করায় বিনিয়োগকারীরা লেনদেন বাড়ার আশা করছেন।
এদিকে গেল সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবস অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সপ্তাহশেষে বেড়েছে সার্বিক গড় মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। সপ্তাহশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৭ পয়েন্ট। ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহশেষে ডিএসইর পিই অবস্থান করে ১৫ দশমিক ৫৯ পয়েন্টে।
সপ্তাহশেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০ দশমিক ২৮ পয়েন্টে, আর্থিক খাতের ২৩ দশমিক ৪৪, প্রকৌশল খাতের ২০ দশমিক ৭২, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯ দশমিক ৯, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ১৩, পাট খাতের ১৪২ দশমিক ৫, বস্ত্র খাতের ১১ দশমিক ৭২, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ৪৬, সেবা ও আবাসন খাতের ২১ দশমিক ৩৪, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৫৪, তথ্যপ্রযুক্তি খাতের ২৪ দশমিক ৫৬, চামড়া খাতের ৩১ দশমিক ৫৫, সিরামিক খাতের ২২ দশমিক ২১, বিমা খাতের ২০ দশমিক ৪০, বিবিধ খাতের ২২ দশমিক ২৮, পেপার ও প্রকাশনা খাতের ৮৯ দশমিক ২৯, টেলিকমিউনিকেশন্স খাতের ২০ দশমিক ৩৯ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২২ দশমিক ২ পয়েন্টে।
এদিকে গেল সপ্তাহ জুড়ে ১ কোটি ৫২ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হওয়ায় টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে লাফার্জ সুরমা সিমেন্ট। গত সপ্তাহের তিন কার্যদিবস কোম্পানিটি টার্নওভার তালিকার শীর্ষে অবস্থান করে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির ১২৫ কোটি ২৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহশেষে দর বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ। জানা গেছে, হোলসিম সিমেন্টের সঙ্গে একীভূত হওয়ার ঘোষণায় এ শেয়ারের চাহিদা বেড়েছে।
