স্বল্পমূল্যের ডিভাইসের জন্য ‘অ্যান্ড্রয়েড ওয়ান’

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৫
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারের প্রায় ৮০ ভাগই দখল করে রেখেছে গুগল। বিশেষ করে খানিকটা স্বল্পমূল্যের স্মার্টফোনের জন্য নির্মাতাদের মূল ভরসা হয়েই রয়েছে অ্যান্ড্রয়েড। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে অবশ্য স্মার্টফোন এখনও ফিচার ফোনকে পুরোপুরি হারিয়ে দিতে পারেনি। ক্রমবর্ধমান বাজারগুলোতে এখনও ক্রেতাদের অনেক বেশি চিন্তা করতে হয় মোবাইলের দাম নিয়ে। সেক্ষেত্রে ২০০ ডলারের কমদামের ডিভাইসের প্রতিই তাদের আগ্রহ বেশি। অ্যান্ড্রয়েড ব্যবহার করে এই ২০০ ডলারের নিচেই স্মার্টফোন তৈরি হলেও এই দামের ভেতরে স্মার্টফোন তৈরির জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ অবমুক্ত করেছে গুগল। সম্প্রতি অনুষ্ঠিত গুগলের ডেভেলপারস কনফারেন্সে অ্যান্ড্রয়েডের এই বিশেষ সংস্করণের ঘোষণা দিয়েছে গুগল। নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণের পরিচয় দিতে গিয়ে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচাই বলেন, ‘পরবর্তী ১০০ কোটি মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, তা বাস্তবায়নের জন্যই আমরা তৈরি করেছি অ্যান্ড্রয়েড ওয়ান। মূলত স্বল্পমূল্যের স্মার্টফোনগুলোর জন্য উপযোগী করে একে তৈরি করা হয়েছে।’ অ্যান্ড্রয়েড তৈরির পর থেকে এর যত নতুন নতুন সংস্করণ তৈরি করা হয়েছে, সেগুলোর প্রতিটিই অনেক বেশি উচ্চ কনফিগারেশনের হার্ডওয়্যারকে সমর্থন করে। স্মার্টফোনকে অনেক বেশি কাজের উপযোগী করে গড়ে তুলতেই অ্যান্ড্রয়েডের এই সংস্করণগুলো তৈরি হয়েছে। তুলনামূলকভাবে নিম্ন কনফিগারেশনের হার্ডওয়্যারের সাথেও যেন অ্যান্ড্রয়েড কাজ করতে পারে, সেটিই নিশ্চিত করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়ানে। ভারতের মোবাইল নির্মাতা মাইক্রোম্যাক্স অ্যান্ড্রয়েড ওয়ান দিয়ে প্রথম স্মার্টফোনটি তৈরি করবে আগামী মাসেই, যা ডুয়াল সিম, মাইক্রোএসডি কার্ড এবং এফএম রেডিওসহ আসবে বাজারে। ১০০ ডলারেরও কমদামেই এটি পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ওয়ানে তৈরি সব স্মার্টফোনই এমন কমদামের হবে।