ওয়ানড্রাইভে স্টোরেজ বাড়ালো মাইক্রোসফট

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৫
ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো সেবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবারে মাইক্রোসফট তাদের ক্লাউড স্টোরেজ সার্ভিস ওয়ানড্রাইভের স্টোরেজ বাড়িয়ে দিয়েছে গ্রাহকদের জন্য। এতদিন পর্যন্ত ওয়ানড্রাইভ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ৭ গিগাবাইট ক্লাউড স্টোরেজ প্রদান করা হলেও এখন এই পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয়েছে। বর্তমানে এই স্টোরেজের পরিমাণ করা হয়েছে ১৫ গিগাবাইট। এক ব্লগপোস্টে মাইক্রোসফটের ওয়ানড্রাইভ গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার ওমর শাহিন এ কথা জানিয়েছেন। ব্লগপোস্টে তিনি লিখেছেন, ‘বিভিন্ন গবেষণায় আমরা দেখেছি, বেশিরভাগ মানুষের পিসিতেই ১৫ গিগাবাইট ডক্যুমেন্ট স্টোর করা থাকে। ফলে ক্লাউডে ১৫ গিগাবাইট স্টোরেজ তাদের জন্য বড় ধরনের সুবিধা হয়ে আসবে বলেই আমরা ওয়ানড্রাইভে ১৫ গিগাবাইট স্টোরেজ যুক্ত করেছি।’ বিনামূল্যের ওয়ানড্রাইভের পাশাপাশি অফিস ৩৬৫-এর জন্যও বাড়ানো হয়েছে ওয়ানড্রাইভের স্টোরেজ। এখন থেকে অফিস ৩৬৫-এর যেকোনো সংস্করণের জন্য গ্রাহকরা ১ টেরাবাইট ক্লাউড স্টোরেজ উপভোগ করবেন। এ ছাড়া ওয়ানড্রাইভের বাড়তি স্টোরেজের জন্যও খরচ আগের তুলনায় কমিয়ে দিয়েছে মাইক্রোসফট।