ছাগলনাইয়ার মুহুরী নদীতে ব্রিজ না থাকায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৭
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সংযোগস্থল মহামায়া ঘাটে মুহুরী নদীর উপর একটি ব্রিজের অভাবে লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। মহামায়া ঘাটে একটি নৌকা দিয়ে প্রতিদিন ছাগলনাইয়ার মাটিয়াগোধা, উত্তর সতর, দক্ষিণ সতর, উত্তর যশপুর, জয়নগর, সত্যনগর, পশ্চিম দেবপুর, পূর্ব দেবপুর, পূর্ব সোনাপুর, গন্ধ্যবপুর, পাঠানগড়, ফুলগাজীর শ্রীচন্দ্রপুর, বসিকপুর, লক্ষিপুর, শরিফপুর, নুরপুর, ধর্মপুরসহ ২ উপজেলার অন্তত ২০ গ্রামের হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার, অফিস-আদালতসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। মহামায়া ঘাটে ব্রিজ নির্মাণ হলে চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদগাজী জব্বারিয়া দাখিল মাদ্রাসা, চাঁদগাজী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব মুন্সী চাঁন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়, শনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীচন্দ্রপুর জামেয়া ইসলামিয়া ওসমানিয়া মাদ্রাসা, জিএমহাট উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় ও দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে। পণ্য পরিবহন ও যাতায়াতে প্রতিনিয়ত দুই পাড়ের মানুষকে পড়তে হয় কষ্টে। স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ মিন্টু, হাজী আলী আহম্মদ, ডা. আবুল হাসেম, হাজী শরিয়ত উল্যাহ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল জব্বার, আব্দুল হাই, মশিউর রহমান শিমুল, সফি উল্যাহ ও নুরুন নবীসহ অনেকে জানান, স্বাধীনতার পর থেকেই নির্বাচন এলে জনপ্রতিনিধিরা ব্রিজটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তারা তা ভুলে যান।